অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৪ ভারতীয়সহ আটক ৫

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চার ভারতীয়সহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্পসংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। পরে তাদের হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়। মামলার পর গতকাল রবিবার তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ওই ব্যক্তিরা হলেন– কুচবিহার জেলার শীতলখুচি থানার গিতলদহ গ্রামের আমির হোসেন বুলেট (২০), জয়নাল (৪৫), আলমগীর হোসেন (২০), রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী হাতীবান্ধার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

পুলিশ জানায়, আসামিরা শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্পসংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিওপির সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জওয়ানরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে ১৯৫২ সালে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ধারায় পাসপোর্ট/ভিসা ছাড়া ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মামলা করা হয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, দইখাওয়া সীমান্তে বিজিবি চার ভারতীয়কে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় আটক করে থানায় পাঠায়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।