চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য হকি দলের

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে রবিবার থেকে ক্যাম্পে উঠেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ৬ দলের আসরটিতে বাংলাদেশকে কঠিন সব পরীক্ষার মুখোমুখি হতে হবে। তার আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য কোচ মাহবুব হারুনের।

ফেব্রুয়ারিতে চীনের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। নিজেদের পরখ করে নিতে হারুন তাকিয়ে আছেন সেদিকেই, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চীনের জাতীয় দল আসতে পারে বাংলাদেশে খেলতে। ওদের সঙ্গে চারটা প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’

এদিন ব্যক্তিগত কারণে গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন সবাই। সোমবার থেকে মূল প্রস্তুতি শুরু করবে দল। তার আগে হবে কোভিড-১৯ পরীক্ষা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অন্য পাঁচ দল- মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

আসর নিয়ে কোচ মাহবুব হারুন বলেন, ‘এখানে আমরা ছাড়া বাকি পাঁচ দল কেমন সেটা জানে সবাই। ওদের বিপক্ষে জিতে সেমিফাইনাল বা ফাইনাল খেলব, সেটা প্রলাপের মতোই বলা হবে। আমরা ভালো খেলার চেষ্টা করব।’