পচেত্তিনো দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে সেন্ট এতিয়েনের মাঠে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি। দুদিনের মধ্যেই জয় পেলেন আর্জেন্টাইন কোচ। শনিবার নিজেদের মাঠে পিএসজি ৩-০ গোলে হারিয়েছে ব্রেস্তকে। শীর্ষের লিওঁর রেনের সঙ্গে ড্র (২-২) করার সুযোগে এক পয়েন্টের ব্যবধানে চলে এসেছে প্যারিসিয়ানরা। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।
লে পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ১৬ মিনিটে ময়েসে কিন চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া। ইনজুরি ও করোনাভাইরাসের কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড় দলে ছিলেন না। নেইমার তাদের মধ্যে অন্যতম। এমবাপে খেলেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ আসে তার সামনে। তবে বল জালে পাঠাতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। জয়ের পর পচেত্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার সুযোগ খুব কম পেয়েছি। তার মধ্যেই দুটি ম্যাচ খেলে ফেললাম। খেলোয়াড়দের চেষ্টা নিয়ে খুশি আমি। পারফরম্যান্সে উন্নতি হয়েছে (আগের ম্যাচের তুলনায়)। জয়টি খুব গুরুত্বপূর্ণ।’
হালান্ডের ২ গোল
আগের রাতে বায়ার্ন মিউনিখ হেরে যাওয়ায় লাইপজিগের সামনে সুযোগ ছিল বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে ফেরার। কিন্তু তারাও হেরে গেছে। আর্লিং ব্রট হালান্ডের জোড়ায় ৩-১ গোলে জয় পেয়েছে ডর্টমুন্ড। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তাই বায়ার্নই শীর্ষে রয়েছে। সমান ম্যাচে লাইপজিগের পয়েন্ট ৩১। ২৮ পয়েন্ট নিয়ে চারে বরুশিয়া। ইন্টারনেট।