বেনাপোলে ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ড সম্প্রসারণের কাজ শুরু

বেনাপোল স্টেশনে ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ডে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মদ শামছুজ্জামান। গতকাল রবিবার রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাবক মিহির কান্তি গুহর সভাপতিত্বে বেনাপোল রেলস্টেশন ইয়ার্ডে সভায় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক।

মুহাম্মদ শামছুজ্জামান জানান, বর্তমানে বেনাপোল বন্দরের রেলওয়ে ইয়ার্ড না থাকায় আমদানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। এজন্য রেলপথে আমদানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোল রেলস্টেশনে দুটি গুডস ইয়ার্ড তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। পৌনে ১ কিলোমিটার ইয়ার্ড নির্মাণে খরচ হবে ৩ কোটি ৭০ লাখ টাকা। পরে এ ট্রান্সশিপমেন্ট গুডস ইয়ার্ড আরও তৈরি করা হবে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে আরও ইয়ার্ড নির্মাণ করা হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবদুল জলিল, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক (পাকশি) শাইদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (রাজশাহী) আবু ফাত্তাহ মাছুদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।