কৃষিক্ষেত্রে অবদানের জন্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক ও চ্যানেল আইয়ের উদ্যোগে ষষ্ঠবারের মতো দেওয়া হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

কৃষিক্ষেত্রে অবদানের জন্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ দুটি নতুন ক্যাটাগরিসহ নয়টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়। আজীবন সম্মাননায় ভূষিত হন কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা। এ ছাড়া পুরস্কার পান বছরের সেরা কৃষক (নারী) শাহিদা বেগম, বছরের সেরা কৃষক (পুরুষ) সাখাওয়াৎ হোসেন, পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ, জুরি স্পেশাল বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান ও চট্টগ্রামের কৃষি উদ্যোক্তা কোহিনুর কামাল, সেরা কৃষি প্রতিষ্ঠান জনতা ইঞ্জিনিয়ারিং, সেরা কৃষি প্রতিষ্ঠান আরবান, সেরা কৃষি সাংবাদিক আমিরুল ইসলাম হিরু ও দুর্যোগ প্রতিরোধে সেরা কমিউনিটি ‘লিডার্স’।

স্ট্যানচার্টের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় অনুষ্ঠানে বলেন, করোনাকালে দেশের খাদ্যনিরাপত্তা স্থিতিশীল রয়েছে, এটি বড় বিষয়। এর পেছনে কৃষকের ভূমিকা অনন্য। পুরস্কারপ্রাপ্তরা কৃষিমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। ৯টির মধ্যে ৭ ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে ২২ লাখ টাকা দেওয়া হয়। বিজ্ঞপ্তি