মির্জাপুরে তাপস সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তাপস সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে শুধুমাত্র তাপস সাহা মনোনয়নপত্র জমা দেন।

৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষদিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ১১ জানুয়ারি তাপস সাহাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান বলেন, মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী থাকায় তাপস সাহাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করা হয়েছে।