কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া-বেতন ও আইনানুগ ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে ওমরফু সোয়েটার লি. নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার সকালে আশুলিয়ার বগাবাড়ি থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল করে জিরাবো এলাকায় অবস্থিত ওমরফু সোয়েটার লিমিটেড কারখানার প্রায় ৩০০ শ্রমিক।

শ্রমিকেরা জানান, দীর্ঘ দিন থেকে আইরিশ গ্রুপের ওমরফু সোয়েটার লিমিটেড কারখানায় কাজ করে আসছিলেন শ্রমিকেরা। গত বছরের ১ ডিসেম্বর থেকে এ বছরের ১ জানুয়ারি পর্যন্ত কারখানাটি অবৈধভাবে ছুটি ঘোষণা করে।

১ জানুয়ারি যথাসময়ে কারখানার সামনে গিয়ে গেটে তালা দেখতে পান শ্রমিকেরা। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি।

শ্রমিকেরা আরও জানান, তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে, হাজিরা বোনাস দেওয়া হয় না, মাতৃত্বকালীন ছুটির টাকা দেওয়া হয় না, বাৎসরিক ছুটির টাকা দেওয়া হয় না, কোনো শ্রমিক ছাঁটাই করা হলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হয় না ও শ্রমিকদের বহিরাগত মাস্তান দিয়ে ভয়ভীতি দেখানো হয়।

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, চাকরিচ্যুত প্রায় ৩০০ শ্রমিক বেতন-ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করছেন তারা। তারা ঘর ভাড়া দিতে পারছে না। দোকানিদের বাকি টাকাও দিতে পারছে না। আমাদের দাবি এই মুহূর্তে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হোক। অন্যথায় আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবো।