শর্তসাপেক্ষে বেসরকারি পর্যায়ে প্রায় ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন

বেশ কিছু শর্তে বেসরকারি খাতে চার লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার এক আদেশে ৭২টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৪১ হাজার টন চাল আমদানির এই অনুমোদন দেওয়া হয়। আগের দিন অনুমতি দেওয়া হয় ৬৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানির।

এর আগে গত ৬ জানুয়ারি ৪৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হল বেসরকারি খাতে।

দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে গত মাসে বেসরকারি খাতে আমদানির সুযোগ উন্মুক্ত করে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দশমিক ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল ৫ দশমিক ৩১ লাখ টন এবং গম ১ দশমিক ৮৯ লাখ টন। চালের মজুদের এই পরিমাণ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।

আড়তদার ও মিলাররা মিলে ‘কারসাজি করেই’ চালের দাম বাড়াচ্ছেন বলে গত মাসে এক অনুষ্ঠানে অভিযোগ করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।