গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে মাদারীপুরের টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার পলাশ শরীফের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনি গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় চন্দ্রা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে পলাশ শরীফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও মাদারীপুর থানায় অপহরণসহ দুটি মামলা রয়েছে।
গত বছরের ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সাতজন ও ট্রাকসহ চালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হলো। চুরির ঘটনায় তখন যুবলীগ থেকে পলাশ শরীফকে বহিষ্কার করা হয়।