ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদগার শুরু করেছেন। আগামী ২৭ জানুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবে।
গতকাল সোমবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনে গতকাল বিকেল নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী।