খাবার কিনতে বাবার সঙ্গে দোকানে গিয়েছিল ছোট্ট জিসান (৪)। একপর্যায়ে বাবার চোখ ফাঁকি দিয়ে দোকানের পাশে রেললাইনে চলে যায় সে। হঠাৎ করেই ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে রেললাইনে ছুটে যান বাবা মাহবুবুল হকও (৪৫)। কিন্তু শেষ রক্ষা হয়নি দু’জনের কারোরই। ট্রেনের নিচে কাটা পড়ে একসঙ্গে প্রাণ হারায় বাবা ও ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের উত্তর পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ছেলেকে নিয়ে রেললাইনের পাশে একটি দোকানে যান বাননগর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মাহবুবুল। একপর্যায়ে ছেলের জন্য খাবার কেনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। কিন্তু হঠাৎ করেই ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে দৌড়ে রেললাইনে চলে যান মাহবুবুল। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বাবা-ছেলের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তারা।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।