রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক রতন কুমার নাথ বলেন, পাথরবোঝাই একটি ট্রাক সেতু ধসে নিচে পড়ে যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি কুতুকছড়ি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ভেঙে তিনজনের মৃত্যু হয়। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিল, সম্ভবত সড়কের নির্মাণ বা সংস্কার কাজের জন্য পাথর নিয়ে। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকটি সেতুসহ ধসে পড়ে এখন পানিতে তলিয়ে আছে। আমার নিজেরা একজনের এবং পরে ফায়ার সার্ভিস আসার পর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তিনজনই ট্রাকের চালক-হেলপার কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে ওভারলোডেড পাথরবোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরুর চেষ্টা করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, নিহত তিন ব্যক্তির নাম এখনো আমরা জানতে পারিনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কটি একমাত্র পথ হওয়ায় এই সড়ক দিয়ে যাতায়াত করা সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাঙামাটি থেকে সাজেকে যাওয়া বা সাজেক থেকে রাঙামাটি আসা পর্যটকরাও দুর্ভোগে পড়েছে।