নেত্রকোনায় বালুবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের মৌজে বালি গ্রাম সংলগ্ন বাইসতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার শিবপ্রাসাদপুর গ্রামের রিকশা ভ্যানচালক সেলিম মিয়া (৩০) এবং আগুন পোহাতে থাকা মৌজে বালি গ্রামের মৃত মোকসেদ মিয়ার ছেলে এমদাদ (৩৫)।
এ সময় দোকানের পাশে আগুন পোহাতে থাকা আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খানে আলম জানান, একটি বালুভর্তি লরি নেত্রকোনা থেকে লক্ষ্মীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের মৌজে বালি গ্রামের রেইনট্রি তলায় বাইসতল এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলের পাশে দোকানের সামনে আগুন পোহানোরত অবস্থায় এমদাদ এবং রিকশাভ্যান চালক সেলিম ঘটনাস্থলে নিহত হন। আগুন পোহাতে থাকা আরও চারজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন দেশ রূপান্তরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।