ওয়ানডে সিরিজের আগেই ‘সেরে উঠবেন’ তাসকিন

বাঁ হাতের আঙুলে চোট পাওয়া তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই সেরে উঠবেন বলে আশা সংশ্লিষ্টদের।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পান তাসকিন। নেটে তামিম ইকবালকে বল করছিলেন ডানহাতি পেসার। ফলো-থ্রোতে বল থামাতে গিয়ে আঙুলে লাগে তার। যেখানে তিনটি সেলাই লেগেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন দ্রুতই সেরে উঠবেন তাসকিন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তার কাটাটা গভীর নয়। তার ত্বকের ওপরের অংশে সেলাই লেগেছে। এ ক্ষেত্রে সেরে উঠলে ৫-৭ দিন লাগে। আশার কথা যে, ইনজুরিটা তার বাঁহাতে। যা তার বোলিং হ্যান্ড নয়। সে দ্রুতই সেরে উঠবে।’

করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ১০ মাস পর টাইগাররা ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ দল জৈব-সুরক্ষা বলয়ে থেকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে। আর উইন্ডিজ ক্রিকেটে দল ঢাকায় পৌঁছে হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন করছে।