সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন তুরস্কের ইস্তাম্বুলে কিডনি প্রতিস্থাপন শেষে সুস্থ হয়ে শাহজাদপুরে আগমন করেন। এ উপলক্ষে শাহজাদপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে বেলা ১১টার দিকে এ সভায় যোগ দিতে আসার পথে পাড়কোলা বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম গ্রুপের সঙ্গে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন- ফজলুল হক গ্রুপের বাবু(৩০), আনোয়ার(৩২), রুবেল(৩৫), কালাম(৪০), ওমর হালদার(৩৫), মজনু(৩০), নাসির(৩০), মমতাজ(৪০), নারায়ণ হালদার(৩৫), মানিক হালদার(৩০)।
শামছুল আলম গ্রুপের তারেক(৩০), সৈকত(২৫), রায়হান(২২), নজরুল(২০) ও বাবু (৩০)। এদের শাহজাদপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, সকাল ১১টার দিকে আমার নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে আসার সময় মিছিলটি পাড়কোলা বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্র বিনা করণে পেছন দিক থেকে শামছুলের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায় এতে আমার ১০ জন আহত হয়।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বলেন, নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ব্যানারে উভয় পক্ষের লোকজন এক সঙ্গে ওই সভায় যাওয়ার কথা থাকলেও ফজলুল হক তার ব্যক্তিগত ব্যানারে মিছিল নিয়ে যেতে চাইলে নেতা-কর্মীরা বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমার গ্রুপের ৫ জন আহত হয়।
আধঘণ্টা ব্যাপী এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের লোকজন মতবিনিময় সভায় যোগ দেয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এখন পরিস্থিত শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কেউ থানায় মামলা করতে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে,এম, হোসেন আলী হাসান।
বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মণির আক্তার খান তরু লোদী, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু,শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমুখ।