‘গুজবি’ ডাক্তার মেয়র হতে চান: আ.লীগ প্রার্থী রেজাউল করিম

‘গুজবি’ ডাক্তার এখন মেয়র হতে চান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার বিকেলে নগরীর পশ্চিম ষোলশহর, শুলকবহর ও চকবাজার ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় রেজাউল করিম বলেন, মেয়র হতে গেলে ভোট লাগবে, ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। তা না করে তারা (বিএনপি) যায় অফিসে নালিশ জানাতে। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মেয়র হতে চাই মানুষের সেবা করার জন্য।

রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি এখন জনগণের কাছে ভোট চাইতে লজ্জা পায়। লজ্জা থাকা ভালো, কিন্তু চোখ বন্ধ করে বিবস্ত্র হয়ে লজ্জা ঢাকা যায় না। ভোট চাইতে লজ্জা হবে, আবার নালিশ জানিয়ে মেয়র হতে চাইবেন কেন?

তিনি বলেন, করোনা মহামারীতে আমরা যখন ডাক্তার-নার্সদের নিয়ে মানুষকে সেবা দিতে, সাহস দিতে নগরব্যাপী ছুটে বেড়াচ্ছিলাম। ডাক্তার নামের এক ব্যক্তি মিথ্যা গুজব ছড়িয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক মালিকদের মনোবল ভেঙে দিয়েছিলেন। আমরা যখন রোগীদের দ্রুত হসপিটালে আনার জন্য গাড়ি, অক্সিজেন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, তখন ডাক্তার নামের ওই ব্যক্তির প্ররোচনায় ক্লিনিকগুলোতে তালা ঝুলানো হয়েছে। আমরা যখন ব্যক্তি উদ্যোগে সাধারণ চিকিৎসা দিতে ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসাসেবা ক্যাম্প করছি, করোনা সন্দেহভাজন রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করে অক্সিজেন নিশ্চিত করে যাচ্ছি, তখন ওই ডাক্তার সাহেব ও তার দলের (বিএনপি) লোকেরা ঘরে বসে বসে অনলাইনে গুজব ছড়াতে ব্যস্ত ছিল।

আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, দেশ-জাতি ও চট্টগ্রামের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আমি। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে প্রাণপণ রেখে হানাদারের বিরুদ্ধে লড়াই করেছি। বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন কী করে মানুষকে ভালোবাসতে হয়, কী করে মানুষের কল্যাণ করতে হয়। মেয়র নির্বাচিত হয়ে আমি মাদক, সন্ত্রাস, রাহাজানি, যানজট, জলজটমুক্ত এবং পরিবেশবান্ধব, নারী ও শিশুবান্ধব, শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়াবান্ধব, বাণিজ্য অনুকূল, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলব।

গণসংযোগ ও পথসভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল উদ্দিন, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল রহিম, কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়েদ গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন পারভীন জেসী, রুমকি সেন গুপ্ত, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, যুবলীগ নেতা নুরুল আনোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।