৫১ বসন্ত পার করেও মঞ্চ মাতিয়ে চলেছেন জেনিফার লোপেজ। ২০২০ সাল শেষ হওয়ায় মানুষ যে কতটা স্বস্তি পেয়েছে, তা টের পাওয়া গেছে তাদের উদযাপনে। স্বস্তির সেই সুবাতাস স্পর্শ করেছে ‘জেলো’কেও। সে কথাই জানালেন ‘এবিসি নিউ ইয়ার’স রকিং ইভে’র সন্ধ্যায়। ২০২১ সালকে উৎসর্গ করে গাইলেন তার নতুন গান ‘ইন দ্য মর্নিং’। ২০২০ সালটা পার করায় অন্য অনেকের মতোই ভালো বোধ করছেন জেনিফার লোপেজ। বললেন, ‘আমারা সৌভাগ্যবান যে ২০২০ পার করতে পেরেছি। আমরা কঠিন এই সময়টা পার করতে পেরেছি। আজকের দিনটা, এই মুহূর্তটার সঙ্গে আর কোনো কিছুরই মিল নেই। সবকিছু থেকে এই সময়টা আলাদা। এ বছর আমরা করোনাকে বিশ্ব থেকে বিদায় করব।’ এটুকু বলেই ক্ষান্ত দেননি জেনিফার লোপেজ। স্মরণ করেছেন করোনায় মৃত লাখো মানুষকেও। তাদের কথা বলতে গিয়ে ‘বেস্ট সেলিং’ এই শিল্পী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘বিশে আমরা অসংখ্য মানুষকে হারিয়েছি। অগণিত! তাদের আত্মার শান্তি কামনা করছি। বছরটি আমাদের শেখাল বেঁচে থাকাকে ‘ফর গ্রান্টেড’ হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। জীবনকে প্রতিমুহূর্তে উদযাপন করা উচিত।’ নিজের সবচেয়ে জনপ্রিয় গান ‘ডান্স অ্যাগেইন’ গানটি গাওয়ার আগে বললেন, ‘আজ রাতে আমরা আবার বাঁচব। আবার গাইব, নাচব। আর নতুন করে স্বপ্ন দেখব। ২০ বছর আগে আমি গানটি গেয়েছিলাম। কিন্তু এর আগে গানটি কখনই এত প্রয়োজনীয় হয়ে ওঠেনি। এই মুহূর্তে এই গানটির চেয়ে জরুরি আর কিছুই নয়। আসুন, আমরা নতুন করে নাচি, গাই আর বাঁচি।’