টাঙ্গাইল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর সভায় নৌকা সমর্থকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু।
এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল। সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার মিছিল নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় তারা পেছনের চেয়ার ভাঙচুর এবং বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। একপর্যায়ে বিএনপির লোকজন সেটি প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফের সভাস্থলে গিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ফলে তাদের পথসভা পণ্ড হয়ে যায়।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করতে থানায় পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে কিছু চেয়ার ভাঙাসহ হাতাহাতির আলামত পাওয়া গেছে।