আ.লীগের কমিটি থেকে নিজের ও স্ত্রী-সন্তানের নাম বাদ দিতে শামীম ওসমানের চিঠি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের অনুমোদিত কমিটির ৩টি সদস্য পদ থেকে নিজের এবং স্ত্রী-সন্তানের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার জাতীয় সংসদের প্যাডে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ চিঠিটি পৌঁছে দেয়া হয়।

চিঠি গ্রহণের বিষয়টি স্বীকার করে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী দেশ রূপান্তরকে বলেন, এখনই স্ত্রী ও সন্তান প্রত্যক্ষ রাজনীতিতে আসুক, সেটি চান না আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান। শামীম ওসমানের এ সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করেছেন তার পরিবারের সদস্যরাও।

এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল দেশ রূপান্তরকে জানান, এমন চিঠি দিয়ে শামীম ওসমান ও তার পরিবার আবারো মহানুভবতার পরিচয় দিয়েছেন। শামীম ওসমান প্রমাণ করেছেন ত্যাগী নেতাকর্মীদের প্রতি তিনি কতটা আবেগ ধারণ করেন। আমরা তার এ আবেগকে সম্মান জানাই। তবে বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

শামীম ওসমান এমপি দেশ রূপান্তরকে বলেন, কর্মীরাই দলের প্রাণ। আমি ও আমার পরিবারের সদস্যরা মনে করেন- আমাদের চেয়েও যোগ্য ও ত্যাগ স্বীকার করা বহু নেতাকর্মী রয়েছেন, যাদের মূল্যায়ন করা উচিত। এ জন্য চিঠি দিয়ে আমার এবং আমার স্ত্রী ও সন্তানের নাম কার্যনির্বাহী সদস্য পদ থেকে প্রত্যাহারের অনুরোধ করেছি।

এর আগে রবিবার (১০ জানুয়ারি) ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর প্রকাশ পায় ওই কমিটির ১নং থেকে ৩নং কার্যকরী সদস্যের তালিকায় রয়েছেন শামীম ওসমান, তার স্ত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও জ্যেষ্ঠ সন্তান ইমতিনান ওসমান অয়ন।

শামীম ওসমানপত্নী সালমা ওসমান এবং পুত্র অয়ন ওসমান আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদ পাওয়ায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশাল সমর্থক গোষ্ঠীর মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অভিনন্দনের জোয়ার বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে কমিটিতে নিজের, স্ত্রী ও সন্তানের সদস্যপদ বিষয়ে এমপি শামীম ওসমান আরও বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তাদের তিনজনের পরিবর্তে অপর তিনজন ত্যাগী নেতার নাম দিয়ে মূল্যায়িত করার মত দিয়েছেন শামীম ওসমান।

এ বিষয়ে ১৩ জানুয়ারি ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পত্র দিয়েছেন শামীম ওসমান।