আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের স্বজন ওসমান গনি জানান, প্রতিদিনের মতো আজ ভোরেও মোফাজ্জল বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মোফাজ্জলের লাশ দেখতে পাই।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড কিংবা ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান থানা-পুলিশের এই কর্মকর্তা।