রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন (৪৫)সহ দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মতুজাবাদ এলাকার মৃত আবদুল হাসেমের ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুল রহমানের ছেলে করিম মিয়া (৫০)।  

নিহতের ভাই মকবুল হোসেন জানান, তার বড় ভাই মোবারক হোসেন ও করিম মিয়া একটি মোটরসাইকেলে করে সাওঘাট এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভূলতা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৪৩৬১)  মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন। মোবারক হোসেন ভূলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।            

ভূলতা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোবারক হোসেন ও করিম মিয়া নামে দুজন নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিসহ তার চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ কাঁচপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।