সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কারাবন্দী রুহুল আমিনের ছবি পুনঃস্থাপন করেন দলীয় নেতা–কর্মীরা।
মাদ্রাসা ছাত্রী নুসরাত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যবরণের পর দলীয় কার্যালয় থেকে গোপনে রুহুল আমিনের ছবি সরিয়ে নেয়। বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক নেতা-কর্মী রুহুল আমিনের মুক্তি কামনায় মিলাদ মাহফিলের পর তার ছবি পুনঃস্থাপন করে।
ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের কারামুক্তি, সুস্থ্যতা কামনা করে পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বুধবার বিকেলে উপজেলা আ.লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। তবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এই কর্মসূচী সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভূট্টো, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন আরিফ ভূঞা, চরচান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, বগাদানা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাবুল, আমিরাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আরু মেম্বার, ইউপি সদস্য গেদু মিয়া ভূঞা, দীন মোহাম্মদ, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী অংশ নেন।
গত ১৯ এপ্রিল ২০১৯ সোনাগাজী উপজেলার তাকিয়া রোড এলাকার নিজ বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ৬ এপ্রিল ২০১৯ সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত জাহান রাফিকে মুখোশ পরা ৪/৫জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
গত ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।
১১ এপ্রিল বৃহস্পতিবার সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
একই বছরের ২৪ অক্টোবর নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা ঘটনায় মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ জনের ফাঁসির রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।
বর্তমানে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি আপিল বিভাগে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে ফেনী, কুমিল্লা ও কাশিমপুর কারাগারে রয়েছেন।