ইংল্যান্ডে বসে বাংলাদেশে হামলার উসকানি, ফেঁসে গেলেন মুন্না

ইংল্যান্ডে বসে বাংলাদেশ সরকারের ওপর আক্রমণ করতে উসকানি দিয়ে অনলাইনে একাধিক পোস্ট করে ফেঁসে যাচ্ছেন মুন্না হামজা নামের এক বাংলাদেশি নাগরিক।

উলউইচ ক্রাউন কোর্টে বুধবার (১৩ জানুয়ারি) তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ৪ মার্চ বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে।

সন্ত্রাসী হামলায় উসকানি দিয়ে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অনলাইনে তিনটি পোস্ট দেন ৫০ বছর বয়সী মুন্না। পোস্টগুলোতে তিনি সাধারণ মানুষকে বাংলাদেশে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রীর ওপর হামলার উসকানি দেন।

ব্রিটিশ গণমাধ্যম ইউকে নিউজ ইন পিকচারস (ইউকেনিপ) এবং ইস্টার্ন আই জানিয়েছে, বাংলাদেশি কমিউনিটির এক প্রবাসী পোস্ট দেখার পর পুলিশকে জানান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। মুন্নার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

মুন্নার বিষয়ে তথ্য দেয়ায় কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছেন মেটের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ। বলেছেন, ‘সাধারণ মানুষ মুন্নার বিষয়ে যেভাবে সতর্ক করেছে, তার জন্য আমি প্রশংসা করছি। সতর্কতার জন্যই তাকে আমরা এ ধরনের আরও পোস্ট দেয়া থেকে নিবৃত্ত  করতে পেরেছি।’

অভিযোগ পাওয়ার পর ২০১৮ সালের ৪ জুলাই সাউথ লন্ডনে তার কর্মস্থল থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত কম্পিউটার, ফোন, মেমোরি কার্ড জব্দ করে পুলিশ। পরে অবশ্য জামিনে বের হন।

পুলিশ বলছে, মুন্না যে ধরনের পোস্ট দিয়েছেন তা ব্রিটেনের আইন সমর্থন করে না।