এই দিনে

চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম ভারতের বীরভূম জেলার মুরারই থানার জাজিগ্রামে প্রসিদ্ধ সিংহ পরিবারে ২ অক্টোবর ১৯২৪ সালে। তার বাবার নাম ত্রিদিবেশ সিংহ এবং মা প্রমীলা। তিনি ছিলেন ভাই-বোনের মধ্যে পঞ্চম। অভিনেত্রী অরুন্ধতী দেবী তার পত্নী ছিলেন। পড়াশোনা করেছেন ভাগলপুর ও কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করার পর ১৯৪৬ সালে তিনি নিউ থিয়েটার্স স্টুডিওতে সহকারী শব্দগ্রহণকারী হিসেবে যোগ দেন। পরে লন্ডনের পাইনউড স্টুডিওতে কাজ করেন। ১৯৫৪ সালে ‘অঙ্কুশ’ ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার চতুর্থ ছবি ‘কাবুলিওয়ালা’; রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প নিয়ে ১৯৫৭ সালে ছবিটি তৈরি করেন। এ ছবি থেকেই তার সর্বভারতীয় খ্যাতি আসে। বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় ৪০টির মতো ছবি বানিয়েছেন। এর মধ্যে বেশ কিছু ছবি ছোটদের জন্য বানানো। তিনি দেশে ও বিদেশে বহু সম্মান ও পুরস্কার লাভ করেছেন। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য ছবি ‘সবুজ দ্বীপের রাজা’ (১৯৭৯), ‘আজ কা রবিনহুড’ (১৯৮৭), ‘আজব গাঁয়ের আজব কথা’ (১৯৯৯), ‘অনোখা মোতি’ (২০০০) প্রভৃতি। তার বেশিরভাগ ছবির মধ্যেই থাকত কোনো না কোনো সামাজিক ঘটনার আলোকপাত। তার অনেক ছবির গল্পই জীবন থেকে নেওয়া সত্যি ঘটনার আদলে তৈরি। এ ক্ষেত্রে ‘গল্প হলেও সত্যি’র (১৯৬৬) কথা বিশেষভাবে বলা যায়। শ্রেষ্ঠ ভারতীয় ছবির জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন একাধিকবার, পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার এবং দাদাসাহেব ফালকে পুরস্কারও। ১৫ জানুয়ারি ২০০৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।