১৫০ বছরের পুরনো পোস্ট অফিস সংস্কারে স্থানীয়রা

চাঁদপুরে প্রায় ১৫০ বছরের পুরনো একটি পোস্ট অফিস সংস্কারের কাজ শুরু করেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই একটি জরাজীর্ণ টিনের ঘরে অত্যন্ত ঝুঁকি নিয়ে ডাক কার্যক্রম চলে আসছিল মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ডিজিটাল পোস্ট অফিস নামে ওই অফিসটির। এলাকাবাসীর ভাষ্য, অনেকবার বলার পরও ডাক কর্র্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রাই এগিয়ে আসেন পোস্ট অফিসটির সংস্কার কাজে। চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি আধাপাকা ঘর তৈরির কাজ চলমান।

বরদিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. অহিদুল্লাহ পাটোয়ারী বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আমাদের কাজ করতে হতো। বৃষ্টি হলে সব কাগজপত্র পানিতে ভিজে যেত। তখন আমাদের পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নেওয়া লাগত। এর সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে আমরা অনেকবারই বলেছি। অবশেষে স্থানীয়রা তাদের নিজস্ব উদ্যোগে অফিসটির সংস্কার করে দিচ্ছেন। এজন্য আমি তাদের প্রতি

কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

চাঁদপুর উপবিভাগের ডাকঘর পরিদর্শক কাঞ্চন সাহা বলেন, ‘দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বরদিয়া ডাকঘরটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু নতুন ভবন তৈরিতে আমাদের নিজস্ব ৩ শতাংশ জমির প্রয়োজন হয়। বরদিয়া ডাকঘরের জমি রয়েছে দুই শতাংশ। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় লোকজন ডাকঘরটি মেরামতে এগিয়ে আসায় তাদের প্রতি সাধুবাদ জানাচ্ছি।’

চাঁদপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মুহাম্মদ আবু হেলাল বলেন, ‘বরদিয়া একটি অবিভাগীয় পোস্ট অফিস। এ ধরনের পোস্ট অফিস জনসাধারণের সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। ডাকবিভাগের প্রতি ভালোবাসা থাকাতেই জনসাধারণ পোস্ট অফিসের জন্য ঘর তৈরি করছেন। গ্রামীণ পোস্ট অফিস ডিজিটাল করার লক্ষ্যে ইতিমধ্যে সরকার কার্যক্রম শুরু করেছে।’