স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কাভার্ড ভ্যানচাপা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেনসহ (৪৫) দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন হলেন উপজেলার সোনাব এলাকার আবদুল রহমানের ছেলে করিম মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক ও করিম মোটরসাইকেলযোগে সাওঘাট এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই উত্তম কুমার বলেন, কাভার্ড ভ্যানচাপায় মোবারক ও করিম নামে দুজন নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটিসহ তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে। লাশ দুটি কাঁচপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

দীঘিনালায় ট্রাক্টরচাপায় শিশু নিহত : খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক্টরচাপায় সুজন চাকমা (৭) নামে এক শিশু শিক্ষার্থী  নিহত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার বানছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সুজন ওই এলাকার মঙ্গল চাকমার ছেলে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরচালক মো. হানিফকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।