কালকিনিতে আ.লীগের মনোনয়নে অসন্তোষ

মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কালকিনি আওয়ামী লীগের একাংশ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অপর অংশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম হানিফের পক্ষে আনন্দ মিছিল করেছে। একপক্ষের দাবি, হানিফ একসময় বিএনপির নেতা ছিলেন। তিনি নতুন এসে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

জানা গেছে, আসন্ন কালকিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এস এম হানিফ। গত বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। তবে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই দেখা দিয়েছে বিতর্ক।

কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার দাবি করেছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি সাবেক বিএনপি নেতা। গত বিএনপি সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এস এম হানিফ। আমরা নৌকার বিরুদ্ধে নই। বিতর্কিত বিএনপির লোককে নৌকা দেওয়ার কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী জানান, হানিফ আওয়ামী লীগ করতেন না। তবে বিএনপির কমিটিতে ছিলেন কি না, তাও আমি জানি না।

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নেতা এস এম হানিফ বলেন, আমি আওয়ামী লীগ করি। সে কারণেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।