রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের হাতে গলের নিয়ন্ত্রণ

২০১৯ সালের নভেম্বরের পর আবার টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। ইনিংসের ৬১.২ ওভারের সময় দিলরুয়ান পেরেরার বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরিতে পৌঁছান ইংলিশ অধিনায়ক। ১৫ ইনিংস টেস্ট সেঞ্চুরি বঞ্চিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৬৮ রানে অপরাজিত ছিলেন রুট। অধিনায়কের সেঞ্চুরির ওপর ভর করে বৃষ্টিবিঘিœত দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২০ রান করে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৭ উইকেট হাতে নিয়ে ১৮৫ রানে এগিয়ে আছে তারা।

গল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪১ ওভারে ২ উইকেটে ১২৭ রান করেছিল সফরকারী দল। রুট ৬৬ রানে ব্যাট করছিলেন। জনি রেয়ারস্টো ৪৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে কোনো রান না করেই তিনি আউট হন। অন্য প্রান্তে অবিচলিত ছিলেন রুট। তার সঙ্গে যোগ দেন ডান লরেন্স। চতুর্থ উইকেটে তারা ১৭৩ রান যোগ করেন। ৭৩ রান করে আউট হন লরেন্স। ইতিমধ্যে নিজের ১৮তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রুট। ২০২০ সালে তিনি কোনো সেঞ্চুরি করতে পারেননি। অভিষেকের পর এই প্রথম এমন একটা বছর কাটালেন রুট যে বছরে তার কোনো সেঞ্চুরি নেই। ফলে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ দশ থেকেও ছিটকে পড়েছেন তিনি। নতুন বছরে রুটের মিশন হারানো জায়গা পুনরুদ্ধার করা। নতুন বছরের শুরুতে খেলা প্রথম টেস্টে বড় সেঞ্চুরি করে জায়গা পুনরুদ্ধারের পথে পা বাড়ালেন তিনি। দিনের শুরুতেই বৃষ্টি ছিল। এরপর খেলা শুরু হয়ে চা বিরতি পর্যন্ত নির্বিঘ্নেই চলতে থাকে। গল টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৫৩ ওভার খেলা হয়েছে। আর তাতেই টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের পক্ষে লাসিথ এমবুলদেনিয়া ৩ উইকেট নেন।

ইংল্যান্ড যে হোটেলে আছে সেই হোটেলের এক স্টাফের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। যদিও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড দলের মুখপাত্র বলেছেন, ‘আমরা বিষয়টা এখনো জানি না। আমরা প্রটোকল মেনে চলছি। এবং সব সময় পর্যপেক্ষণের মধ্যে আছি।’