কলকাতার উৎসবে পুরস্কৃত ‘নোনা জলের কাব্য’

বাংলাদেশের সরকারি অনুদানের পাশাপাশি সম্মানজনক একাধিক আন্তর্জাতিক তহবিল জেতা ছবি ‘নোনা জলের কাব্য’ বা দ্য সল্ট ইন আওয়ার ওয়াটারস। গত বছর করোনাকালে প্রিমিয়ার হয়েছে যুক্তরাজ্যে। এবার সেই ছবি পুরস্কার জিতে নিল কলকাতায়।

‘নোনা জলের কাব্য’ পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি জানান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। উৎসবের শেষ দিনে শুক্রবার এ ঘোষণা আসে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানান সুমিত।

এর আগে লন্ডন ছাড়াও ‘নোনা জলের কাব্য’ বুসান, তুরিনো, সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।

আরও জানা যায়, গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘নোনা জলের কাব্য’। সুইডেনের গুটেনবার্গে ২৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

নির্মাতা জানান, মে মাসের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাওয়া ‘নোনা জলের কাব্য’।

জেলেপাড়ার জীবন নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমানসহ অনেকে।