সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত বদলেছি

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিরতির পর আবারও শোবিজে সরব হয়েছেন। এখন নাটক নিয়ে ব্যস্ত। সঙ্গে চলছে উপস্থাপনা। আজ রাতে এনটিভিতে প্রচার হবে তার অভিনীত নাটক ‘হোমমেইড’। এই তারকার সঙ্গে কথা বলেছেন প্রীতি প্রাপ্তি

‘হোমমেইড’...

অভিনয়ে ফেরার আগের মতোই ব্যস্ত হয়ে পড়েছি। নিয়মিতই কোনো না কোনো টিভি চ্যানেলে আমার নাটক প্রচার হচ্ছে। আজ রাতে এনটিভিতে প্রচার হবে আমার অভিনীত একক নাটক ‘হোমমেইড’। সহশিল্পী হিসেবে আছেন মিশু সাব্বির। নাটকটির গল্প-ভাবনাও তার। রচনায় গোলাম সারোয়ার অনিক, পরিচালনায় সাখওয়াত মানিক। টেলিভিশনের পর সিলভার স্ক্রিন ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। গল্পে মিশু সাব্বিরের পরিবারের সবাই বিদেশে প্রতিষ্ঠিত। একমাত্র সে-ই দেশে থাকে। তার বাড়ির কাজকর্ম করার জন্য অনলাইন হোমমেইড সার্ভিস থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়। আমাকে দেখে সে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না যে একটা পড়াশোনা জানা আধুনিক মেয়ে  হোমমেইডের কাজ করে। আমার অদ্ভুত রকমের কাজ করার ধরন, কথাবার্তার স্টাইল ও পোশাক-আশাক দেখে সে অবাক হয়ে যায়। কাজের অজুহাতে নানান ধরনের রুটিন চাপিয়ে দেই তার ওপর। মজার কাহিনী নিয়ে এগোতে থাকে গল্প। আশা করি দর্শকের ভালো লাগবে।

ব্যস্ততা...

ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে নির্মিত একক নাটকে অভিনয় করছি নিয়মিত। কিছুদিন আগে কক্সবাজার থেকে কয়েকটি নাটকের শ্যুটিং করে এসেছি। আমার সহশিল্পী ছিলেন সজল।

নতুন বছরে...

ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করব, এটাই এ বছরের প্রথম পরিকল্পনা। সেটি শুরুও করেছি। সবার ধারণা ছিল, আমি অনেক কম কাজ করি। এ ধারণা থেকে বেরিয়ে আসতে চাই। তাই ইদানীং কাজের সংখ্যাটি বেশ বাড়িয়েছি।

সিনেমায়...

আগে ভেবেছিলাম ছবিতে অভিনয় করবই না। এখন সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত বদলেছি। ভালো গল্প পেলে কাজ করব। এরই মধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি। যদি কাজ করি ভালো কিছু করব।

ধারাবাহিকে...

ধারাবাহিক নাটকে আমি আগেও কাজ করিনি, এখনো করি না। একক নাটকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রতিদিন নতুন সেট, নতুন চরিত্র, নতুনভাবে অভিনয় করার সুযোগ থাকে একক নাটকে। ধারাবাহিকে কাজ করতে গেলে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় সেখানে দিতে হয়। একক নাটকে কাজ করার কারণে সেটি হয়ে ওঠে না। তাই ধারাবাহিক নাটকে আপাতত কাজ করছি না।

উপস্থাপনা...

প্রথম দিকে আমার মনে হতো উপস্থাপনা আমাকে দিয়ে হবেই না। কিন্তু বাংলাভিশন থেকে যখন ‘আমার আমি’ অনুষ্ঠানটির জন্য আমাকে ডাকা হয়, তখন ভাবলাম একটু চেষ্টা তো করতে পারি। প্রথম দিন অনেক নার্ভাস ছিলাম। কারণ অভিনয় থেকে উপস্থাপনা একদম আলাদা একটি বিষয়। এখন উপভোগ করতে শুরু করেছি।