ফেনীর দাগনভূঞার পৌরসভা নির্বাচনে অ্যাম্বুলেন্সে এসে ভোট দিয়ে ঢাকায় ফের হাসপাতালে ফিরে গেছেন ইব্রাহিম নামে এক ভোটার। পৌরসভার ১নং ওয়ার্ডের আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইব্রাহিম ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে গতকাল শনিবার বিকেলে ভোটকেন্দ্রে আসেন।
ইব্রাহিম কাউন্সিলর ১নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন। পরবর্তী সময়ে প্রার্থিতা প্রত্যাহার করে তার ভাই জাকিরের গাজর মার্কাকে সমর্থন দিয়েছেন।
ইব্রাহিম জানান, তার ভাই কাউন্সিলর প্রার্থী জাকিরের গাজর প্রতীকে ও মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অসুস্থ অবস্থায়ও তিনি ঢাকা থেকে চলে আসেন। প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বসিত।
আলাইয়াপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খিজ্জির আহমেদ জানান, ইব্রাহিমকে স্ট্রেচারে করে ভোট কক্ষে নিয়ে আসা হলে ভোট কক্ষে দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতায় তিনি ভোট দেন।