সাভারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামের (৩৫) এক রাজমিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ধর্ষক হাবিবুরকে গ্রেপ্তার করতে পারেনি।
সোমবার দুপুরে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল। এর আগে শনিবার সাভারের রাজাসন মণ্ডল পাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় হাবিবুর।
অভিযুক্ত রাজমিস্ত্রি হাবিবুর ওই এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, গত ১৬ তারিখে পৌর নির্বাচনের দিন ভোটের আমেজে সবাই ভোট কেন্দ্রে যাওয়ায় ভুক্তভোগী শিশুটি তার মামাতো বোনের সঙ্গে বাড়িতেই খেলা করছিল। এ সময় হাবিবুর শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির বাবা তাকে খুঁজে না পেলে রাজমিস্ত্রি হাবিবুর তাকে ডেকে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী শিশুটির মামাতো বোন। পরে হাবিবুরের ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলেই হাবিবুর ভুক্তভোগী শিশুর বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে শিশুর মুখে ঘটনা শুনে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
সাভার মডেল থানার উপপরিদর্শক ওবায়দুল বলেন, থানায় মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ছাড়া উন্নত প্রযুক্তির ব্যবহার করে ধর্ষক হাবিবুরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।