স্ত্রী শাহীনা বেগমকে হত্যার দায়ে কুড়িগ্রামের রাজীবপুরে বকুল মিয়া নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার রাজীবপুর উপজেলার চর সাজাই গ্রামের বকুল মিয়ার সঙ্গে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শামছুল হকের মেয়ে শাহিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শাহীনা জানতে পারেন তার স্বামী বকুলের সঙ্গে ভাবি নুরুন্নাহারের পরকীয়া চলছিল। এ নিয়ে শাহিনা তার স্বামীকে বকাঝকা করতেন। এরই জের ধরে ২০০৭ সালের ২ ডিসেম্বর সকাল ৭টার দিকে বকুল ও তার বড় ভাই (ভাবি নুরুন্নাহারের স্বামী) বাবুল মিয়া শাহীনাকে বকুলের ঘরে গলা টিপে হত্যা করেন।
এ ঘটনায় শাহীনার বাবা ২০০৮ সালের ১ জানুয়ারি রাজীবপুর থানায় বকুল মিয়া, নুরুন্নাহার ও তার স্বামী বাবুল মিয়ার নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন জানান, বড় ভাই বাবুল মিয়াকে বাদ দিয়ে বকুল ও নুরুন্নাহারকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সময় সাক্ষ¨, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এই মামলার রায় দেন। রায়ে বকুল মিয়ার ফাঁসি ও ভাবি নুরুন্নাহারকে খালাস দেন।