জামালপুরে মানববন্ধন

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীর বামতীরে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নাজমুল ইসলাম নাজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, স্থানীয় ভুক্তভোগী সলিমুল্লাহ বাদশা, আবদুল আজিজ, মজনু মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর বন্যা ও যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে নদী তীরবর্তী অনেক গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার হতে উলিয়া বাজার পর্যন্ত যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণ করা হলে এসব এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি বন্ধ হয়ে যাবে। অতি দ্রুত ক্ষতি মোকাবিলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়ক নির্মাণের জন্য মানববন্ধন থেকে দাবি জানান বক্তারা।