ভুয়া প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ, ২ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে ভুয়া প্রতিষ্ঠান খুলে ঋণ ও চাকরি দেওয়ার নাম করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো সাভারের আশুলিয়া এলাকার সিরাজুল ইসলাম ওরফে পরশ শিকদার (৪১) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সম্রাট (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বানিয়াজুরি এলাকায় সম্প্রতি ‘ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ’ নামে একটি অফিস খুলে ওই প্রতারকচক্র। এরপর শতাধিক গ্রাহকের কাছ থেকে ঋণ দেওয়ার নামে ৫ থেকে ১০ হাজার টাকা করে সঞ্চয় গ্রহণ করে চক্রটির সদস্যরা।  ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।