ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে বল করতে নেমে সাফল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নতুন বলে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন কাটার মাস্টার।
মোস্তাফিজ এদিন শুরু থেকে ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল ভেতরে ঢোকাতে থাকেন। তেমন একটি হঠাৎ নিচু হওয়া ডেলিভারিতে সুনীল অ্যামব্রিসকে সাজঘরে ফেরান। ৫ বলে ৭ করতে পারেন এই ওপেনার।
এর কিছুক্ষণ পরই বৃষ্টি নামে। আবহাওয়ার পূর্বাভাসেই বৃষ্টির সম্ভাবনা ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি কমেনি। সফরকারীদের স্কোর ৩ ওভার ৩ বলে ১ উইকেটে ১৫।
বাংলাদেশ এদিন তিন পেসার নিয়ে নেমেছে। অভিষেক হয়েছে তরুণ বোলার হাসান মাহমুদের।
২১ বছর বয়সী হাসান মাহমুদ বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে পরলেন।
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়া পুরোনো প্রায় সবাই থাকলেও ম্যাচটি বাংলাদেশের কাছে আসলেই নতুনের আবাহন।
দীর্ঘ ৯ মাসের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বলেই নয়; বাংলাদেশ এদিন যাত্রা শুরু করছে নতুন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে।
কভিড-১৯ মহামারীর কারণে খেলাধুলা স্থগিত হওয়ার পর বাংলাদেশ বাদে প্রায় সব বড় দল মাঠে ফিরেছে। তাই মুশফিকদের তর আর সইছিল না।
কভিডের শঙ্কা ও ব্যক্তিগত কারণ মিলিয়ে শীর্ষ ১২-১৩ জন ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে অন্তত ৬-৭ জন খেলবেন অভিষেক ম্যাচ। নেতৃত্ব দেবেন যিনি, সেই জেসন মোহাম্মেদ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আড়াই বছর পর। মূল দল থাকলে হয়তো সফরেই আসতে পারতেন না তিনি।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।