পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্টে এদুর্ঘটনা ঘটে। বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃতমুসলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাবলু ও তার ছেলেসহ প্রায় ৫৫ জনের একটি দল ঝিনাইদহ থেকে সড়ক পথে আজ সকালে কুয়াকাটায় আসেন।
দুপুরে তাদের তিন-চার জন সৈকতে গোসল করতে নামেন। সেসময় বাবলু উচ্ছ্বসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে যান।
স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে উল্লেখ করে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।