২ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শ্রীরামকাঠী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিঠু (৩২), একই ইউনিয়নের সহসভাপতি রনি হাওলাদার (২৮) ও উপজেলা যুবলীগের সহসভাপতি ফারুক হাওলাদার (৩৫)।

গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলায় আহত ফারুক হাওলাদার জানান, রাতে তারা তিনজন একটি মোটরসাইকেলে দলীয় কাজ সেরে নাজিরপুর থেকে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামকাঠী বন্দরের কাছাকাছি ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছলে মোটরসাইকেলের আলোতে দেখতে পান প্রধান সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলা। সেখানে পৌঁছতেই রাস্তার দুপাশে দেশীয় অস্ত্র নিয়ে থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।