কৃষকদের আন্দোলনে পিছু হটছেন মোদি

কৃষকদের প্রবল আক্রমণের মুখে তিনটি কৃষি আইন এক থেকে দেড় বছরের জন্যে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি কেন্দ্রীয় সরকার।

দিল্লির সীমানার কাছে হাজার হাজার কৃষকের প্রায় দুই মাসের টানা আন্দোলনের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকার এই সংকটের সমাধান বের করতে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাবও আন্দোলনকারী কৃষক নেতাদের দিয়েছে।

সূত্র জানিয়েছে, আন্দোলনকারী নেতাদের সঙ্গে দশম দফা বৈঠকে প্রায় পাঁচ ঘণ্টার আলোচনা শেষে বুধবার রাতে সরকার কৃষি আইন তিনটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আন্দোলনকারী নেতারা সরকারের এ প্রস্তাব গ্রহণ করেছে উল্লেখ করে সূত্র আরও জানিয়েছে আগামীকাল শুক্রবার এ নিয়ে সরকারের সঙ্গে আবারও আলোচনা হবে।

সরকারের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং আনুষ্ঠানিক বার্তায় বলেছেন, ‘সরকার কৃষি আইন এক থেকে দেড় বছরের জন্যে স্থগিতের প্রস্তাব আন্দোলনকারীদের দিয়েছে।’

‘এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধানের জন্যে সরকার ও কৃষক নেতারা আলোচনা চালিয়ে যাবেন,’ যোগ করেন তিনি।

কৃষকদের দাবি ছিল, তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। কিন্তু সরকার এতদিন ধরে রাজি হয়নি। বরং তারা অনড় থেকে যথেষ্ট ইঙ্গিত দিয়েছিল যে, এই দাবি মানা সম্ভব নয়।

মোদি অসংখ্যবার জানিয়েছেন, তিনটি আইন কৃষকদের প্রভূত উপকার করবে। বিরোধীরা যা বলছে তা ঠিক নয়। বিজেপির পক্ষ থেকে বারবার একই কথা প্রচার করা হচ্ছিল। এমনকী দেশের কৃষকদের একটা বড় অংশ যে কৃষি বিলের সমর্থনে, সে কথাও বলা হচ্ছিল। কিন্তু কৃষকরাও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হননি।