এই দিনে

১৫৯২ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি, লাহোরে জন্মগ্রহণ করেন মোগল সম্রাট শাহজাহান। শৈশবে সম্রাট জাহাঙ্গীরের এই পুত্রের ডাকনাম ছিল খুররম। সিংহাসনে আরোহণের পর তার নতুন নাম হয় ‘আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান সাহিব কিরান-ই-সানি’। মোগল সাম্রাজ্যের শাসক হিসেবে তিনি ১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহজাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ ‘পৃথিবীর রাজা’। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মোগল সম্রাট। তার সময়কাল মোগল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। শাহজাহান অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল যা তার স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসেবে পরিচিত। এছাড়া শাহজাহানের অন্যান্য স্থাপত্যকীর্তির মধ্যে রয়েছে দিল্লি জামে মসজিদ, সিন্ধুর শাহজাহান মসজিদ, লাহোরের মতি মসজিদ, লাহোরের শালিমার গার্ডেন ইত্যাদি। ১৬৩০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষের পরপরই উড়িষ্যায় ব্যাপক মড়ক দেখা দেয়। এই সময়, শাহজাহান সাত লাখ টাকার রাজস্ব মওকুফ করে দেন এবং সরকারি ব্যবস্থাপনায় লঙ্গরখানা খোলা হয়। মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের বদান্যতায় পর্তুগিজরা এখানে কুঠি সম্প্রসারিত করে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং নানা ধরনের অনৈতিক কর্মকা- পরিচালনা করতে থাকে। তাদের দমনে ভূমিকা রাখেন সম্রাট শাহজাহান। অন্যদিকে, শাহজাহান সাম্রাজ্যের পূর্ব দিকে আসাম ও আরাকানে রাজ্য বিস্তারের নীতি অনুসরণ করেন। উত্তরাধিকারী নিয়ে অনেক নাটকীয়তা ও লড়াইয়ের পর পুত্র আওরঙ্গজেবের সিংহাসনে আরোহণের ৮ বছর পর ১৬৬৬ সালের ২২ জানুয়ারি মৃত্যুবরণ করেন সম্রাট শাহজাহান।