ঝিনাইদহ মেহেরপুর পটুয়াখালী

১৬ ইটভাটা গুঁড়িয়ে জরিমানা

ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তর গুঁড়িয়ে দিয়েছে ১০টি অবৈধ ইটভাটা। মেহেরপুরের গাংনীতে আটটি ইটভাটাকে করা হয়েছে ৪৭ লাখ টাকা জরিমানা। পটুয়াখালীর দুমকিতে অবৈধ একটি ইটভাটা আংশিক ধ্বংস ও জরিমানা করে বাকি স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : পরিবেশ অধিদপ্তরের অভিযানের দ্বিতীয় দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দুদিনে ঝিনাইদহ জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও চারটি ইটভাটাকে জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই এলাকায় অভিযান চালানো হয়।

মেহেরপুর : পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দল অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনীর আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করে টাকা আদায় করেছে। কাঠ ও অবৈধভাবে মাটি নষ্ট করার অভিযোগে অনেক ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের সঙ্গে এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমান ও র‌্যাব-৬-এর ডিএডি শফিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইসাহাক আলীসহ পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

দুমকি (পটুয়াখালী) : উচ্চ আদালতের নির্দেশে অবশেষে পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটা ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ আংশিক ধ্বংস করে বাকি স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান চালানো হয়।