অভিজিৎ হত্যা মামলা

সাক্ষ্যগ্রহণ শেষ আত্মপক্ষ সমর্থন ২৭ জানুয়ারি

সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্নের মধ্য দিয়ে ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বিচার প্রক্রিয়ার ধারাবাহিকতা অনুযায়ী এবার মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে দিয়েছে বিচারিক আদালত।

এই মামলার শেষ সাক্ষী হিসেবে গত বুধবার আদালতে সাক্ষ্য দেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও  পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম।

ওইদিন তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা শেষ করে আসামিপক্ষ।

মনিরুলের সাক্ষ্য ও জেরা সম্পন্নের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপক্ষ।

এরপর আদালত আগামী ২৭ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করে। চাঞ্চল্যকর এ মামলায় ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।