ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় মিলে ছয়টি ফেরি।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।
রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। এতে উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের বার্তা অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত পাটুরিয়া প্রান্তে দেড় শতাধিক যাত্রীবাহী বাস, দুই শতাধিক ব্যক্তিগত যানবাহন, তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে আরও তিন শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নৌ-রুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে।
কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। ১৫টি ফেরি দিয়ে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌ-রুট পারাপার করা হবে বলে জানান তিনি।