আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে শাহাজাহান খন্দকার মনা (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রাতে তাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ।
আটকরা হলেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার জমির মোল্লার ছেলে নুরুজ্জামান, একই এলাকার গোলাম রসূলের ছেলে রেজাউল ইসলাম পারভেজ ও লিটনের ছেলে মেহেদী হাসান নাজমুল।
পুলিশ জানায়, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতার জেরে মনাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক ফজর আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।