বগুড়ার গাবতলীতে মুক্তিপণের দাবিতে ৪০ দিন আগে অপহরণ করা শিশুকে হত্যার পর পরিবারকে কল করে লাশের খবর জানিয়েছে অপহরণকারীরা। এ ছাড়া, কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ শিশুর এবং জয়পুরহাটের কালাইয়ে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
বগুড়া : গাবতলীতে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল এক প্রবাসীর শিশুসন্তানকে। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন শিশুর মা তাসলিমা বেগম। কিন্তু শিশুটিকে এক মাস ১০ দিনেও উদ্ধার করা যায়নি। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণকারীরা শিশুটির মায়ের মোবাইলে ফোন করে জানায় টাকা না পাওয়ায় তাকে হত্যা করে পুকুরে রাখা হয়েছে। সেই সূত্র ধরে তাদের বাড়ির পাশের পুকুর থেকে পলিথিনের বস্তায় মোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু হানজেলা (৬) বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর নিশুপাড়ার বাসিন্দা মালয়েশিয়াপ্রবাসী পিন্টু মিয়ার ছেলে।
রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৩ ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু হানজেলা অপহৃত হয়। এরপর দুর্বৃত্তরা ওই শিশুর মায়ের মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দিনই বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়।
গাবতলী থানার ওসি নূরুজ্জামান জিডি এবং লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাউদকান্দি (কুমিল্লা) : মেঘনা উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রিফান হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ওমরাকান্দা সেতুর নিচ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে রিফান হোসেন ১২ জানুয়ারি সকাল থেকে নিখোঁজ ছিল।
জয়পুরহাট : কালাইয়ে রিপন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মোস্তশা মোড় এলাকায় একটি আলুরক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনোয়ার হোসেন বাবলুর ছেলে। রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে একটি অটোচার্জার গ্যারেজে মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ধারণা করা হচ্ছে, অটোচার্জার ছিনতাইকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।