নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত নাওড়া এলাকায় এক আলোচনা সভায় গরিব ও এতিমদের মাঝে এ অর্থ বিতরণ করেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মহিউদ্দিন ভুইয়া, যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্নাসহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব, এতিম ও অসহায় মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯ জন ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর বিনা মূল্যে প্রদান করেছেন। যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। যেটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সম্ভব হয়েছে। যার জন্য রংধনু গ্রুপও গরিব, এতিম ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন রফিকুল ইসলাম রফিক।