সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ উদ্বোধন

ক্রিকেট উন্মাদনাকে ছড়িয়ে দিতে চায়ের শহর সিলেটে আরো একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।

৩ একর জমিতে নির্মিত এ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’।

শনিবার বিকেলে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সিলেটের নতুন এ স্টেডিয়ামটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত নতুন একটি ভবনেরও উদ্বোধন করা হয়।

সিলেটের লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ পূর্ব পাশে নির্মিত হয়েছে ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।