বছরখানেক আগে নানা কারণে আলোচিত-সমালোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গন্তব্য’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। ‘সুইট চিলি ফিল্মস’ নির্মিত চলচ্চিত্রটির মালিকানা স্বত্ব নিয়ে বিপণনের দায়িত্ব নিয়েছে কানাডা ও বাংলাদেশ ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’।
এরই মধ্যে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণায় নির্মিত ‘গন্তব্য’ চলচ্চিত্রটি। আনোয়ার আজাদ ফিল্মসের তথ্যমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে চলচ্চিত্রটি প্রথমে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে, পরে বহির্বিশ্বে।
ছয় বন্ধুর একটি চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে অরণ্য পলাশ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মি, আমান রেজা, আফফান মিতুল, মাসুম আজিজ, জিওন, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, কাজী শিলাসহ আরো অনেকে।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান আনোয়ার আজাদের প্রযোজনা প্রতিষ্ঠানটি এর আগে নির্মাণ করেছিল অরুণ চৌধুরী পরিচালিত নুসরাত ইমরোজ তিশা-ইয়াশ রোহান-ফজলুর রহমান বাবু প্রমুখ অভিনীত চলচ্চিত্র ‘মায়াবতী’। চলচ্চিত্রটি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিলো ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। প্রতিষ্ঠানটির অন্য আর একটি চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক আশরাফ শিশির পরিচালিত ‘গোপন I The Inner Sound’ যা এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়েছে।