মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চূড়ান্ত পর্বে জায়গা করেও বিজয়ের মুকুট মাথায় তুলতে পারলেন না সিলেটের মেয়ে সামিরা খান মাহি। প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না পাওয়ার পর দেশের মানুষের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তার কাছে যেকোনো অর্জনের চেয়ে বড়।
বুধবার (২৫ নভেম্বর) মাহি লিখেছেন, ‘আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি লেখেন, ‘আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।’ প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে মাহি আরও লেখেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের প্রত্যাশামতো গর্বিত করতে না পারলে আমি দুঃখিত।’
জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না উল্লেখ করে তিনি বলেন, কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারাজীবন মনে থেকে যায়। দেশের মানুষের ভালোবাসাকে নিজের বড় প্রাপ্তি উল্লেখ করে মাহি লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’ বার্তার শেষে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী জেনিফার বারেতোর বয়স ২৭ বছর। তিনি একজন পেশাজীবী ও সমাজকর্মী। পাশাপাশি তিনি বিবাহিত এবং সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা। প্রতিযোগিতার ইতিহাসে বিবাহিত নারী ও মা হিসেবে তার এই অর্জন বিশেষভাবে আলোচিত হয়েছে।