আদিতমারীতে পুড়েছে ৬ ঘর, গৃহবধূ দগ্ধ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের ৬টি ঘর। এ সময় ঘরের আসবাব সরিয়ে নিতে গিয়ে আরফিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

গত শুক্রবার মধ্যরাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের কৃষক আমিনুর রহমানের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ আরফিনা তার পুত্রবধূ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ আমিনুর রহমানের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদিতমারীর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও ঘনকুয়াশার কারণে গাড়ি মাঝরাস্তা থেকে ফিরে আসে। পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন থেকে ঘরের আসবাব সরাতে গিয়ে গৃহবধূ আরফিনার বাম হাত পুড়ে যায়। অগ্নিকা-ে কৃষক আমিনুর রহমানের ৬টি ঘর, একটি গরু, ৫টি ছাগলসহ টাকা পুড়ে ছাই গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

আদিতমারী ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিলদার আবদুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সময়মতো ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারেনি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অগ্নিকা-ে কৃষকের গরু-ছাগলসহ সবকিছু পুড়ে গেছে বলে জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত টিন ও শীতবস্ত্রসহ সরকারি সহায়তা দেওয়া হবে।